বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, দাঁতনে মাথা ফাটল জেলা সভাপতির
দি নিউজ লায়ন ; বিজেপির দলীয় কর্মী প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সমিত কুমার দাসের ওপর হামলা। হামলায় মাথা ফাটলো জেলা সভাপতি সমিত কুমার দাসের। আহত অবস্থায় তাঁকে দাঁতন গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে এই হামলায় অভিযুক্ত বিজেপির দাঁতন দক্ষিণ মন্ডলের প্রাক্তন যুবমোর্চার সভাপতি উত্তম দাস।অভিযুক্ত কে আটক করেছে দাঁতন থানার পুলিশ।
জানা যায় যে শুক্রবার পশ্চিমমেদিনীপুর জেলার কেশিয়াড়ী বিধানসভার অন্তর্গত দাঁতন ১ ব্লকের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ছিলো দাঁতনের রবীন্দ্রভবন অডিটোরিয়ামে। অভিযোগ সেই প্রশিক্ষণ কর্মসূচির বিরতির সময় জেলা সভাপতি সমিত কুমার দাসের ওপর হামলা চালায় কর্মসূচিতে উপস্থিত দাঁতন দক্ষিণ মন্ডলের প্রাক্তন যুব মোর্চার সভাপতি উত্তম দাস।
অতর্কিত হামলায় মাথা ফেটে যায় জেলা সভাপতির। তাকে আহত অবস্থায় দাঁতন হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রশিক্ষণ শিবিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেখানে তাঁর চিকিৎসা হয়।অভিযুক্ত উত্তম দাস কে আটক করেছে দাঁতন থানার পুলিশ। ওই ঘটনায় বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাসের অভিযোগ তৃণমূলের যোগসাজশে এই ঘটনা ঘটানো হয়েছে।
যদিও বিষয়টি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি দাঁতনের তৃণমূলের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তিনি বলেন বিজেপির ওই প্রশিক্ষণ শিবিরে তৃণমূল যাবে কেন।আসলে ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ওই ঘটনা ঘটেছে।নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা চাপা দেওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে বিজেপি মিথ্যা অভিযোগ করেছে।

Post a Comment